বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

শেরপুর-৩ আসনে ‘সুক্ষ ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ জামায়াত প্রার্থীর, প্রত্যাখ্যান বিএনপির


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ দুপুর

স্থগিতকৃত শেরপুর-৩ আসনের ভোট গ্রহণ চলাকালে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মাসুদুর রহমান ভোট গ্রহণে সূক্ষ্ম  ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছেন।

তিনি বেলা ১১টায় শ্রীবরদী উপজেলার তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বলেছেন, সকাল থেকেই শ্রীবরদী উপজেলার রুপার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আমার এজেন্টদেরকে বের করে দেয়া হয়। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে আমার ভোটারদেরকে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। এই আসনের শ্রীবরদী উপজেলাতে ভোটার সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার এবং ঝিনাইগাতী উপজেলায় ভোটার সংখ্যা এক লক্ষ ৬০ হাজার। এই দুই উপজেলায় ভোটার ব্যবধান অনেক থাকলেও প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভ্রাম্যমান আদালত এবং ম্যাজিস্ট্রেট টিম সমানভাবে দেওয়া হয়েছে। এটাই প্রমাণিত হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিয়মমাফিক ম্যাজিস্ট্রেট দেওয়া হয়নি।

অপরদিকে এই অভিযোগ প্রত্যাখ্যান করে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন, তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। সকাল থেকেই এই আসনের সকল ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। জামায়াতের প্রার্থী শুরু থেকেই উগ্র, উশৃঙ্খল মূলক এবং মৌলবাদী বক্তব্য দিয়ে আসছে। আমি তাদের অনুরোধ করবো শেষ পর্যন্ত তারা মাঠে থাকুক। জনগণ যাদের পছন্দ করবে তাদেরই বিজয় হবে। আশা করি এখন পর্যন্ত যেহেতু কোন অনিয়ম চোখে পড়েনি শেষ পর্যন্ত সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ শেষ হবে।

জামায়াতের প্রার্থীর এই অভিযোগ এর বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, তাদের অভিযোগের কোন ভিত্তি নেই। এটা একটা রাজনৈতিক ভাষা। আমি এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে কিছু অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখেছি সেগুলোর কোন সত্যতা পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত