বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
শিরোনাম

শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই: সিইসি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ দুপুর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আন্তর্জাতিক মানে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিসিটিভি ফুটেজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন এবং আইন পরিবর্তনের কোনো বিষয় থাকলে সে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নিয়ে যে বিতর্ক চলছে, তা বিচারাধীন হওয়ায় এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।

তিনি বলেন, কমিশন কন্ট্রোল রুম থেকে নির্বাচন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। ড্রোনসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্বাচন মনিটরিং করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই এ নির্বাচনও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শেরপুরের নিরাপত্তা প্রসঙ্গে সিইসি বলেন, এটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে সেনাবাহিনীর অবস্থান কিছুটা দূরে রাখতে হয়। তাই ওই এলাকায় বিজিবির মোতায়েন বাড়ানো হয়েছে। পাশাপাশি র‍্যাব, আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, সকাল সাড়ে সাতটার প্রথম রিপোর্ট অনুযায়ী পরিবেশ স্বাভাবিক রয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরছেন। তবে উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কিছুটা কম থাকে বলেও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রামের দুইটি আসনের ফলাফল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন (সাব-জুডিস), তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ নেই এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পূর্ববর্তী সরকারের চিঠির প্রসঙ্গে সিইসি বলেন, বিষয়টি নিয়ে আরও আলোচনা প্রয়োজন। বিদ্যমান আইন, জারি করা অধ্যাদেশ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সংসদে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, এটি বিচারাধীন বিষয় হওয়ায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত