তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে সুইডেনের দাপুটে জয়
আরবান ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৪৯ দুপুর

ফিফা বিশ্বকাপে দারুণ সূচনা করেছে সুইডেন। গ্রুপ ‘এফ’-এর ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শক্ত বার্তা দিয়েছে ইউরোপের দলটি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় সুইডিশরা।
মেক্সিকোর মন্টেরির এস্তাদিও মন্টেরেতে অনুষ্ঠিত ম্যাচে সপ্তম মিনিটেই এগিয়ে যায় সুইডেন। ইয়াসিন আয়ারি গোল করে দলকে লিড এনে দেন। এরপর ৩০তম মিনিটে আলেকজান্ডার ইসাক ব্যবধান দ্বিগুণ করেন। ভিক্টর গিওকেরেসের বাড়ানো বল সহজেই জালে পাঠান তিনি।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফেরার আশা জাগায় তিউনিসিয়া। ৪৩তম মিনিটে ওমর রেকিক গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। এ সময় হ্যানিবাল মেজব্রির অ্যাসিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিরোধ গড়তে পারেনি আফ্রিকার দলটি। ৫৯তম মিনিটে ইসাকের পাস থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ভিক্টর গিওকেরেস। এরপর ৮৪তম মিনিটে ম্যাটিয়াস সভানবার্গ গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।
যোগ করা সময়ে আবারও আঘাত হানেন ইয়াসিন আয়ারি। ৯০+৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সুইডেনের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করেন তিনি।
ম্যাচের পরিসংখ্যানেও ছিল সুইডেনের আধিপত্য। দলটি ১৩টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে তিউনিসিয়া ৫টি শটের মধ্যে মাত্র ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। পাসিং, আক্রমণ এবং বল দখলে ধারাবাহিকতা বজায় রেখেই বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল সুইডেন।
এই জয়ে গ্রুপ ‘এফ’-এ ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে সুইডেন। অন্যদিকে বড় ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল তিউনিসিয়া।

_medium_1781506380.jpg)

_medium_1763296851.jpg)
_medium_1759559835.jpg)
_medium_1758695191.jpg)
