পূর্বধলায় এক সপ্তাহে হামের উপসর্গে ২৪ শিশুর চিকিৎসা, ২১ নমুনা সংগ্রহ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ বেড়েছে। গত এক সপ্তাহে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, মোট ২৪ জন শিশুকে সন্দেহজনক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, গত ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ২১ জন শিশুর শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে তারা হাম আক্রান্ত কি না।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ১০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গুরুতর অবস্থার কারণে একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে হাসপাতালে আরও দুইজন রোগী ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলমান। যেসব শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে, তারা নমুনা দেওয়ার পর নিজ নিজ বাড়িতে অবস্থান করছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




~2_medium_1775640524.jpg)


