মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

যুদ্ধবিরতির খবরে তেলের দামে বড় পতন


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৮ এপ্রিল ২০২৬, ১১:৫৫ দুপুর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটে।

ডোনাল্ড ট্রাম্প-এর এই ঘোষণার পর তেলের দাম দ্রুত কমতে শুরু করে। রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমে আসে। অন্যদিকে, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১৫ শতাংশ কমে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯২.৩৫ ডলার।

এর আগে, ইরানের তেলক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিতে তেলের বাজারে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছিল।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট-এর বিশ্লেষক অ্যালেক্স হোলমস জানিয়েছেন, বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। এই পরিস্থিতি স্থায়ী হবে কিনা, তা নির্ভর করছে ইসরায়েল, ইরানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর। আলোচনায় এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে, ফলে বাজার বর্তমানে ‘অপেক্ষা করে দেখার’ অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত