মাধবপুরে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন, বালু ব্যবসায়ীকে জরিমানা
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০১:২১ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গ্লোরী কোম্পানির পাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে হাবিবুর রহমান নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। এ সময় ড্রেজারে কর্মরত তিন শ্রমিককে আটক করা হয়। পরে ড্রেজারের মালিক উপজেলার নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানকে ঘটনাস্থলে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৬(১) ধারায় তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানা আদায়ের পর আটক তিন শ্রমিককে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



_medium_1783516061.jpg)



