পূর্বধলা বাজার বণিক সমিতির ৩ বছরের কমিটি ৬ বছরেও বহাল, নতুন কমিটি গঠনের দাবি
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০১:২৬ দুপুর

নেত্রকোণার পূর্বধলা সদর বাজার বণিক সমিতির তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রায় ছয় বছর ধরে মেয়াদোত্তীর্ণ কমিটিই সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। এ নিয়ে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, ২০২০ সালের শেষদিকে তৎকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালুকে সভাপতি এবং পূর্বধলা পাটবাজারের ব্যবসায়ী মো. সাইফুদ্দিন শাহীনকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, ওই কমিটিতে দলীয় বিবেচনায় ব্যবসায়ী নন—এমন কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এরই মধ্যে কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন শাহীন, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রুক্কু এবং সম্মানিত সদস্য মো. কামাল আকন্দ মৃত্যুবরণ করেছেন। এরপরও সভাপতি এরশাদ হোসেন মালুকে বহাল রেখে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদ আকন্দ ও অর্থ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরীর মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, কার্যকর কমিটি না থাকায় বাজার ব্যবস্থাপনায় চরম অস্থিরতা দেখা দিয়েছে। বাজারের বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে সমাধানহীন রয়েছে। নিরাপত্তার জন্য স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলোর অধিকাংশই বিকল হয়ে পড়ে আছে। রাতে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় পাহারাদারদের দায়িত্ব পালনেও বিঘ্ন ঘটছে। এছাড়া বাজারের পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা ও কাঁচাবাজারে জলাবদ্ধতার সমস্যাও দীর্ঘদিনের।
ব্যবসায়ীরা জানান, পূর্বধলা বাজারে প্রায় এক হাজার ছোট-বড় ব্যবসাপ্রতিষ্ঠান থাকলেও প্রয়োজনীয় ১২ জনের পরিবর্তে বর্তমানে মাত্র সাতজন পাহারাদার দায়িত্ব পালন করছেন। বণিক সমিতির চাঁদাও অনেক ব্যবসায়ী নিয়মিত পরিশোধ করেন না, ফলে পাহারাদারদের বেতন পরিশোধেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ বলেন, "পূর্বধলা একটি গুরুত্বপূর্ণ বাজার। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের সমস্যা সমাধানে একটি কার্যকর বণিক সমিতির কোনো বিকল্প নেই। তাই দ্রুত মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা প্রয়োজন।"
বণিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শহিদ আকন্দ বলেন, "দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়েই কোনোভাবে কার্যক্রম চালানো হচ্ছে। নতুন কমিটি গঠনের উদ্যোগে ব্যবসায়ী নেতাদের এগিয়ে আসতে হবে। দ্রুত একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন।"
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "নিয়মিত কমিটি না থাকায় বাজারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে সমস্যা হচ্ছে। তাই দ্রুত একটি নিয়মিত কমিটি গঠনের বিষয়ে দায়িত্বশীল হওয়ার জন্য ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানাই।"
এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ বাবুল আলম তালুকদার বলেন, "বর্তমান পরিস্থিতিতে বাজার বণিক সমিতির একটি কার্যকর ও গ্রহণযোগ্য কমিটি গঠন অত্যন্ত জরুরি। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।"
ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত নতুন বণিক সমিতির কমিটি গঠন করা হলে বাজার ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে।







