মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসিড নিক্ষেপ, কিশোরসহ তিনজন দগ্ধ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ বিকাল

নেত্রকোণার পূর্বধলা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুয়েলারি দোকানে ব্যবহৃত এসিড নিক্ষেপের ঘটনায় এক কিশোরসহ তিনজন দগ্ধ হয়েছেন।

গতকাল রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের শাহাবাজপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইয়ারন গ্রামের মফিজ উদ্দিনের ছেলে শাকিল (১৭), একই ইউনিয়নের তুলাবাইদ গ্রামের মৃত সমেশ আলীর ছেলে মো. সিরাজ এবং একই ইউনিয়নের মৃত বিপিনের ছেলে গৌরাঙ্গ (৬০)।

অভিযুক্ত মো. শামীম (১৮) একই ইউনিয়নের নিজামপুর গ্রামের সাগর জুয়েলার্সের মালিকের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহাবাজপুর বাজারে সাগর জুয়েলার্সের পাশের রওশন আলীর কাপড়ের দোকানে অবস্থান করছিলেন শাকিল। এ সময় সাগর জুয়েলার্সের মো. শামীমের সঙ্গে শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম দোকানের কাজে ব্যবহৃত এসিড শাকিলকে লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে শাকিলের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত মো. সিরাজ ও গৌরাঙ্গ এসিডে দগ্ধ হন। তাদের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শাকিল ও সিরাজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দগ্ধ মো. সিরাজ বাড়ি ফিরে এলেও সেখানে গুরুতর অবস্থায় শাকিল চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে অভিযুক্ত মো. শামীম ও সাগর জুয়েলার্সের মালিক সাগর মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও উভয় নম্বরই বন্ধ পাওয়া যায়। ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এসিড অপরাধ দমন আইনসহ প্রযোজ্য আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত