পূর্বধলায় ৯ বছরের শিশুকে রান্নাঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ দুপুর
_original_1783327146.jpg)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে।
গতকাল রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বৈরাটি ইউনিয়নের জাফর বৈরাটি গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত কিশোরের নাম ইয়াসিন (১৩)। সে পাশের ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মৌজা বৈরাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেল সোয়া চারটার দিকে শিশুটি তার সমবয়সী এক খেলার সাথীকে নিয়ে নিজ বাড়িতে খেলাধুলা করছিল। এ সময় ইয়াসিন ওই শিশুকে ঘরের পাশে একটি রান্নাঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পরপরই শিশুটির মা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে বিষয়টি জানান। পরে ওই ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়েছে। যেহেতু অভিযুক্তের বাড়ি গৌরীপুর থানা এলাকায়, তাই সংশ্লিষ্ট গৌরীপুর থানার মাধ্যমে শিশুটিকে ডাক্তারি পরীক্ষা (Medical Test) ও প্রয়োজনীয় সহায়তার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







