যুদ্ধবিরতি শুরু হলেও ‘আঙুল ট্রিগারেই’ রাখার নির্দেশ মোজতবা খামেনির
আরবান ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ দুপুর
_original_1775622742.jpg)
যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশের সব সামরিক ইউনিটকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, এই সিদ্ধান্ত যুদ্ধের সমাপ্তি নয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী সব সামরিক শাখাকে গুলি চালানো থেকে বিরত থাকতে হবে। তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে—যুদ্ধ শেষ হয়নি এবং শত্রুপক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের পদক্ষেপ নিলে ইরান পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও একই সুরে বক্তব্য দিয়েছে। তাদের ভাষায়, “এটি যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না… আমাদের আঙুল এখনো ট্রিগারের ওপর রয়েছে এবং শত্রুপক্ষের সামান্যতম ভুলের জবাবও পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে।”
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দেন, ইরানের ওপর হামলা বন্ধ করা হলে দেশটি যুদ্ধবিরতিতে সম্মত হবে। তিনি আরও জানান, এই সময়ের মধ্যে দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখা হবে।
তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি বাস্তবায়ন করা হবে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনায় রেখে।
অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ‘বিশেষ অনুরোধে’ ইরানের ওপর বড় ধরনের হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু আগে দেওয়া ওই পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে পূর্বনির্ধারিত ‘বিধ্বংসী হামলা’ স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে একটি ‘দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি’ কার্যকর হতে যাচ্ছে। তবে এর প্রধান শর্ত হলো—ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদভাবে উন্মুক্ত করে দিতে হবে।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তির দিকে এগোচ্ছে। তিনি জানান, ইরান যদি তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালী খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখবে।

_medium_1775624762.jpg)
_medium_1775623860.jpg)

_medium_1773301041.jpg)


