পূর্বধলায় প্যারাজান খাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১১:১৯ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সাহোদকোণা এলাকায় চলমান প্যারাজান খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
শুক্রবার (১৯ জুন) বিকেলে তিনি সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যালোচনা করেন।
জেলা প্রশাসনের সূত্র জানায়, নারান্দিয়া ইউনিয়নের সাহোদকোণা এলাকায় দেলোয়ার তালুকদারের জমির পাশ থেকে দক্ষিণে সোয়াই নদীর পাড় পর্যন্ত খালটি পুনঃখননের কাজ চলছে। দুর্গম কাঁচা রাস্তার কারণে গাড়ি চলাচলের সুযোগ না থাকায় জেলা প্রশাসক মোটরসাইকেলে করে প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি খালের দুই পাশের কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পুনঃখননের ফলে কৃষিতে সম্ভাব্য সুফল সম্পর্কে জানতে চান।
পরে প্রকল্পসংশ্লিষ্টদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও মান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশনা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধিরা।
স্থানীয় কৃষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা প্যারাজান খাল পুনঃখনন শেষ হলে সাহোদকোণাসহ আশপাশের বিস্তীর্ণ কৃষিজমির জলাবদ্ধতা কমবে। পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচব্যবস্থা সহজ হওয়ায় কৃষি উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন।




_medium_1781792830.jpg)


