পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিনে হামের লক্ষণ নিয়ে ১৭ শিশু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৪ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে ১৭ জন শিশু চিকিৎসা নিতে এসেছে। এদের মধ্যে ১৬ জনের নমুনা সংগ্রহ করে রোগ নিশ্চিতকরণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গত ১ এপ্রিল থেকে আজ ৫ এপ্রিল পর্যন্ত সময়ে এসব শিশু হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ১৭ শিশুর মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বাকি ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে ৪ জন শিশু ভর্তি আছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত চিকিৎসা নেওয়া শিশুদের মধ্যে ৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। তবে কোনো শিশুকে এখন পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর (রেফার) প্রয়োজন পড়েনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্যমতে, আক্রান্ত শিশুদের শরীরে হামের প্রাথমিক লক্ষণগুলো দেখা দেওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শিশুদের সার্বক্ষণিক তদারকির জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দল কাজ করছে।
পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন আজকের আরবানকে বলেন, “ভর্তি হওয়া শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে তারা প্রকৃতপক্ষে হামে আক্রান্ত কি না। বর্তমানে বিশেষ মেডিকেল টিম শিশুদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।” হাসপাতালে ভর্তি শিশুদের তদারকির দায়িত্বে আছেন শিশু বিশেষজ্ঞ খোকন চৌধুরী ও এমওডিসি আরিফুল ইসলাম।
এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। কারও শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।







