বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় রাস্তার পাশে গর্ত খোঁড়ার কারণে নতুন সড়ক ধস, ঝুঁকিতে ৩৪ ফুট


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০২ এপ্রিল ২০২৬, ১২:১৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা বাজার থেকে রৌশনারা রোডের সংযোগ সড়কের নতুন নির্মিত একটি অংশ পাশের জমিতে গভীর গর্ত খোঁড়ার কারণে ভেঙে পড়েছে। এতে করে আরও প্রায় ৩৪ ফুট সড়ক ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রৌশনারা-রাজপাড়া সড়কের ঘড়ির মেকানিক মৃত বাদল মিয়ার বাড়ির পূর্ব পাশে এ ঘটনা ঘটে। হোগলা ইউনিয়নের পানিশা গ্রামের বাসিন্দা এবং পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. আনিছুর রহমান বাড়ি নির্মাণের জন্য প্রায় ২.৫ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে তিনি সড়কের একেবারে সংলগ্ন স্থানে প্রায় ৭ ফুট গভীর করে তিনটি গর্ত খনন করেন।

অভিযোগ রয়েছে, প্রায় এক মাস আগে খোঁড়া এসব গর্ত কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা (যেমন প্লাস্টারিং বা সাপোর্টিং) ছাড়াই ফেলে রাখা হয়। সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে গর্তের পাশের মাটি সরে গিয়ে সড়কের একটি অংশ ধসে পড়ে। ইতোমধ্যে একটি স্থানে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে, যেখানে গাছের গুঁড়ি দিয়ে অস্থায়ীভাবে ঠেকানোর চেষ্টা করা হয়েছে। বাকি দুই স্থানে একই ধরনের ধসের আশঙ্কা তৈরি হয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা জানান, “সড়কের একেবারে ঘেঁষে গর্ত খোঁড়া হয়েছে, এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা হয়নি। দীর্ঘদিন গর্ত খোলা থাকায় বৃষ্টিতে মাটি নরম হয়ে রাস্তা ভেঙে গেছে। এভাবে চলতে থাকলে পুরো ৩৪ ফুট সড়কই ধসে পড়তে পারে।”

অভিযুক্ত মো. আনিছুর রহমান বলেন, জমি ক্রয়ের পর পার্শ্ববর্তী জমি নিয়ে জটিলতার কারণে এতদিন নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের জন্য মিস্ত্রি দিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এ বিষয়ে পূর্বধলা উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে লোক পাঠানো হবে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সড়ক রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত