পূর্বধলায় হামের সন্দেহে দুই শিশু আইসোলেশনে
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে দুই শিশুকে আইসোলেশনে রাখা হয়েছে।
আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়ন থেকে চার মাস বয়সী মাহাদীকে সর্দি-জ্বর ও শরীরে র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন বিকেলে আগিয়া ইউনিয়ন থেকে ২২ দিন বয়সী আয়েশা নুরকে একই ধরনের উপসর্গ নিয়ে আনা হয়। চিকিৎসকদের পরামর্শে দুই শিশুকেই আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার বলেন, শিশু দুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কি না।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। হামের মতো সংক্রামক রোগের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।




_medium_1775040867.jpg)


