পূর্বধলায় সাবেক ইউপি সদস্যকে জিম্মি ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:০০ দুপুর
_original_1774864820.jpg)
নেত্রকোনার পূর্বধলায় জমি ক্রয়ের প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে গভীর রাতে ডেকে নিয়ে জিম্মি করে ৫০ হাজার টাকা আত্মসাতের ঘটনায় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ তাইজ উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার জামতলা বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত তাইজ উদ্দিন উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, উপজেলার আগিয়া ইউনিয়নের উত্তর কালডোয়ার গ্রামের বাসিন্দা কঙ্কন চন্দ্র ভদ্র সম্প্রতি তার একটি জমি বিক্রির ঘোষণা দেন। সুযোগ বুঝে প্রতিবেশী লিটন মিয়া ভুক্তভোগীকে গত ৫ মার্চ গভীর রাতে তার বাসায় ডেকে নিয়ে যান এবং জানানো হয়, সাবেক ইউপি সদস্য তাইজ উদ্দিন তার জমি ক্রয় করতে আগ্রহী। জমি বিক্রির দরদামের জন্য ভুক্তভোগীকে তাইজ উদ্দিনের বাড়িতে যেতে হবে।
কঙ্কন চন্দ্র ভদ্র জানান, রাত অনুমান ১টার দিকে তিনি সরল বিশ্বাসে তাইজ উদ্দিনের বাসায় যান। সেখানে তাকে আটকে রেখে হুমকি দিয়ে ৫০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। ভয়ে তার স্ত্রী নগদ ৫০ হাজার টাকা লিটন মিয়ার মাধ্যমে প্রদান করেন। পরে তাকে মুক্তি দেওয়া হয়।
ঘটনার পর কঙ্কন চন্দ্র ভদ্র পরিবার ও এলাকার লোকজনকে সবকিছু জানালে স্থানীয়রা মিমাংসার আশ্বাস দেন। কিন্তু বিবাদীরা আপোষ না করায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত আসামি তাইজ উদ্দিনকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

_medium_1774889607.jpg)
_medium_1774889094.jpg)

_medium_1774864820.jpg)


