পূর্বধলায় বিষপানে কিশোরের মৃত্যু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০১:৫৩ দুপুর
_original_1774684420.jpg)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিষপান করে মো. মোবাশ্বির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সে বিষপান করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মোবাশ্বির উপজেলার ২ নম্বর হোগলা ইউনিয়নের খানিরপেচ গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে পরিবারের সবার অজান্তে বাড়ির আঙিনায় বিষপান করে মোবাশ্বির। কিছুক্ষণ পর তাকে ছটফট করতে দেখে পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে সে বিষপানের কথা স্বীকার করে।
পরে স্বজনেরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রাস্তায় তার মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাশ্বির মাথায় গুরুতর আঘাত পেয়েছিল। এরপর থেকে সে মানসিকভাবে অস্বাভাবিক আচরণ করত এবং মাঝেমধ্যে রাগান্বিত হয়ে উঠত। তাদের ধারণা, মানসিক চাপ ও মাথার সমস্যার কারণেই সে বিষপান করে থাকতে পারে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



_medium_1774711531.jpg)
_medium_1774711132.jpg)


