দামুড়হুদায় পাওনা টাকা চাওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ
মো: মিনারুল ইসলাম
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ দুপুর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-ছেলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনাটি উপজেলার কলাবাড়ি গ্রামের উত্তরপাড়ায়। অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার ইউনুচ আলীর ছেলে শিপলু আলীর কাছ থেকে একই গ্রামের জীবন আলীর ছেলে শিহাব (২২) প্রায় দুই মাস আগে পারিবারিক সমস্যার কথা বলে ২৩ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময় পার হলেও তিনি টাকা পরিশোধ না করে নানা অজুহাত দেখাতে থাকেন।
ভুক্তভোগী শিপলু আলীর অভিযোগ, গত ৩ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শিহাবসহ কয়েকজন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির সামনে এসে তাকে ডেকে বাইরে নিয়ে যায়। অভিযুক্ত জিয়া পরিচিত হওয়ায় তার ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে কোনো কথাবার্তা ছাড়াই তাকে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে শিহাব ধারালো দা দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে।
শিপলু হাত দিয়ে প্রতিরোধ করলে ধস্তাধস্তির এক পর্যায়ে দা মাটিতে পড়ে যায়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়। এতে শিপলুর মায়ের হাত ভেঙে যায় এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে। এছাড়া তার স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।
হামলার পর অভিযুক্তরা পাওনা টাকা না দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। পুরো পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
এ ঘটনায় শিপলু আলী বাদী হয়ে শনিবার (৪ এপ্রিল) দামুড়হুদা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— শিহাব (২২), আকরাম (৫৫), কামাল (৫০) ও জিয়া (৪০)।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







