নেত্রকোনায় বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল: জেলা প্রশাসন
আরবান ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ বিকাল

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও যান চলাচলে শৃঙ্খলা আনতে নেত্রকোণায় কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। এখন থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ ছাড়া কোনো মোটরযানে পেট্রোল পাম্প থেকে জ্বালানি সরবরাহ করা যাবে না।
৫ এপ্রিল ২০২৬ তারিখে জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশিফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরযান চালানো অবৈধ—এই বাস্তবতাকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, জেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে বিষয়টি কঠোরভাবে মানতে হবে। কোনো অবস্থাতেই বৈধ কাগজপত্রবিহীন যানবাহনে জ্বালানি দেওয়া যাবে না। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পাম্পগুলোতে নজরদারি জোরদার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চেকপোস্ট স্থাপনের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প বা যানবাহনের চালকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।







