সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশে পুরস্কার অনুপ্রেরণার বড় শক্তি, অধ্যক্ষ আবু তাহের খান


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ২২ নভেম্বর ২০২৬, ০১:১৫ দুপুর

শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে নেত্রকোণা সরকারি কলেজের ১৪টি বিভাগে প্রতিবছর ৫৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা এবং যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

আজ দুপুরে নেত্রকোণা সরকারি কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে অনার্স তৃতীয় বর্ষ (২০২২-২৩) ও চতুর্থ বর্ষ (২০২১-২২)-এর সেরা দশ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান এবং প্রাক্তন কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।

তিনি বলেন, এবার উচ্চমাধ্যমিকের যে ফলাফল হয়েছে, সেটিই প্রকৃত ফলাফল কোনো প্রভাবিত করা হয়নি। সারাদেশে পাসের হার কমলেও আশাব্যঞ্জক বিষয় হলো, এবার প্রকৃত চিত্র উঠে এসেছে। এ ফলাফলের মধ্য দিয়েই শিক্ষার্থীরা যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।

শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যক্ষ আরও বলেন, সকল সীমাবদ্ধতা অতিক্রম করে তোমাদের দাবিদাওয়া পূরণে আমি সর্বাত্মক চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির ও শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ। 

প্রাক্তন কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা পান জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর আব্দুর নূর তুষার।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত