সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

নকলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে সংসদ সদস্য ফাহিম চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল


  জাহিদুল ইসলাম

প্রকাশ :  ২২ নভেম্বর ২০২৬, ১০:৫০ দুপুর

শেরপুরের নকলা উপজেলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের দেশবিরোধী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠন ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সাধারণ জনগণসহ উপজেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশে বলেন, “নকলা-নালিতাবাড়ীর মাটি বিএনপির ঘাঁটি, সাধারণ মানুষের ঘাঁটি। এই মাটি কারও বাপ-দাদার পৈতৃক ভিটা নয়।”

তিনি আরও বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। এ জন্য তিনি এলাকাবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও নৈরাজ্য রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।

বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত