রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করার আহ্বান এমপি মানসুরা আলমের


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ রাত

নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে কোনো ধরনের নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনা প্রতিহত করতে সুশীল সমাজ ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় মানসুরা আলম বলেন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা পূর্বধলার মানুষের জানমালের নিরাপত্তায় পাহারা দিচ্ছেন। পুলিশ-প্রশাসনও যেকোনো ধরনের নাশকতা ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে।

এদিকে এমপি মানসুরার অনুসারীদের পূর্বধলার বিভিন্ন এলাকায় রাতের বেলা পাহারা দিতে দেখা গেছে। 

অন্যদিকে, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের নির্বাচিত সংসদ সদস্য জামায়াত নেতা মাছুম মোস্তফা এবং উপজেলা জামায়াতের পক্ষ থেকে অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে দৃশ্যমান তৎপরতা কম বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

মানসুরা আলম আরও বলেন, ‘আমি পূর্বধলার সচেতন সমাজ ও সাধারণ মানুষকে অনুরোধ করব, আপনারা নিজেদের সম্পদ ও ভূমি রক্ষায় যেকোনো ধরনের আওয়ামী দুর্বৃত্তায়ন প্রতিহত করুন। আমরা আপনাদের সঙ্গে আছি। রাজনীতি যা-ই হোক না কেন, পূর্বধলার মানুষের জীবন ও সম্পদের ওপর হামলাকারী কোনো দুর্বৃত্তকে ছাড় দেওয়া হবে না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত