পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের বারান্দায় পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচড়া বাজারে ব্যাংকটির খলিশাউড় শাখায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে দুর্বৃত্তরা ব্যাংকের সামনের বারান্দায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে থাকা নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে বাজারের পাহারাদার ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
গ্রামীণ ব্যাংকের বালুচড়া বাজার শাখার এরিয়া ম্যানেজার শ্যামল কুমার দাস বলেন, নৈশপ্রহরীর চিৎকার শুনে বাজারের পাহারাদার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। আগুন বারান্দার মধ্যেই সীমাবদ্ধ থাকায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, রাতে পুলিশের একটি টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। অগ্নিকাণ্ডের বিষয়টি জানার পর পুলিশ সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে আগুন নেভান।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

_medium_1795076988.jpg)





