বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদের নামে ভুয়া বহিষ্কারাদেশ প্রচারের অভিযোগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া বহিষ্কারাদেশ ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে একটি ফেসবুক আইডি থেকে তার বহিষ্কারের একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন তিনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তের কথা উল্লেখ করে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাজু আহমেদকে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা বলা হয়েছে। এতে কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনের কথাও উল্লেখ রয়েছে।

তবে বিজ্ঞপ্তিটিকে ভুয়া দাবি করেছেন সাজু আহমেদ। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার নামে বহিষ্কারের তথ্য ছড়ানো হয়। তাকে সামাজিক ও সাংগঠনিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।

সাজু আহমেদ আরও বলেন, ছাত্রদলের কোনো নেতাকে বহিষ্কার করা হলে কেন্দ্রীয় দপ্তর থেকে দেওয়া আদেশ সংগঠনের দপ্তর সেলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। কিন্তু তার নামে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ওই পেজে প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে তিনি জেলা ছাত্রদলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে সাজু আহমেদ বলেন, তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীরা এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতা-কর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত