পূর্বধলায় বায়নাসূত্রে কেনা দোকান ৪ মাস ধরে তালাবদ্ধ, জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৪ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় বায়নাসূত্রে কেনা জমিতে নির্মিত একটি দোকান চার মাস ধরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিথ্যা মামলা, হুমকি ও হয়রানির অভিযোগ তুলে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। প্রভাবশালীদের হুমকিতে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া বাজারে তালাবদ্ধ দোকানের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল জব্বার খান (রমজান)-এর স্ত্রী আকলিমা আকন্দ।
লিখিত বক্তব্যে আকলিমা আকন্দ বলেন, ২০১৩ সালে ইচুলিয়া বাজারের দুই শতাংশ জমি মোছা. আছিয়া খাতুনের কাছ থেকে ছয় লাখ টাকায় কেনার বিষয়ে মৌখিক আলোচনা হয়। পরে ২০১৪ সালের ২ জানুয়ারি নেত্রকোনা সদরের নাগড়া এলাকার একটি ভাড়া বাসায় বসে পাঁচ লাখ ৮০ হাজার টাকা বায়না দেন তাঁর স্বামী। এরপর ওই জমিতে দোকানঘর নির্মাণ করে ২০১৫ সালে ‘এম এ হাই খান মেডিকেল হল’ নামে ফার্মেসির ব্যবসা শুরু করেন তাঁরা।
বায়নার টাকা পরিশোধের পর জমির সাফকবলা দলিল করে দেওয়ার জন্য একাধিকবার তাগাদা দিলেও কাগজপত্রের ত্রুটির কথা বলে বিক্রেতা সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ করেন আকলিমা। পরে দীর্ঘ দেনদরবারের পর ২০২৩ সালের ২৯ এপ্রিল আছিয়া খাতুন একটি বায়নাপত্র দলিল করে দেন। এতে তাঁর ছোট ছেলে রনি মিয়া সাক্ষী ছিলেন।
আকলিমার অভিযোগ, ২০২৬ সালে এসে রনি মিয়া জমি বিক্রি করতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে দোকানটি ভাড়া দেওয়া হয়েছে বলে দাবি করতে থাকেন। এ নিয়ে বিরোধ দেখা দিলে তাঁরা স্থানীয় বাজার কমিটির কাছে অভিযোগ করেন।
পরে বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান খান বাবুল ও সাধারণ সম্পাদক মাসুদ মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। বৈঠকে খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী খান লিটন উপস্থিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন বলে অভিযোগ করেন আকলিমা। তাঁর দাবি, লিটন একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং তাঁর ছোট ভাই শওকত আলী খান স্বপনকে সঙ্গে নিয়ে দোকানে তালা লাগানোর নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সালিশে কোনো সমাধান না হওয়ায় ২৩ আগস্ট রাতে দোকানের কার্যক্রম শেষে তাঁরা বাড়ি ফিরে যান। পরদিন সকালে এসে দোকানে তালা ঝুলতে দেখেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ উভয় পক্ষকে ডেকে পাঠায়। সেখানে লিটনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দোকানে তালা দেওয়ার কথা স্বীকার করে ওসির সামনে তালা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন আকলিমা।
তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে ৯ আগস্ট দোকানঘর ছেড়ে দেওয়ার জন্য তাঁর স্বামীর নামে আইনি নোটিশ পাঠানো হয় বলে অভিযোগ করেন তিনি। ১৯ আগস্ট নোটিশের জবাব দেওয়ার পরও হয়রানি বেড়েছে বলে দাবি করেন আকলিমা।
পরবর্তী সময়ে আছিয়া খাতুন ও তাঁর দুই ছেলে মো. রনি খান ও মো. দুলাল খানের বিরুদ্ধে আদালতে মামলা করেন তাঁরা। ওই মামলায় আছিয়া খাতুন ও রনি মিয়া বর্তমানে কারাগারে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অন্যদিকে, তাঁদের বিরুদ্ধে করা পাল্টা মামলার অভিযোগ পিবিআইয়ের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী খান লিটন ও তাঁর সহযোগীরা এখনো দোকানঘরটি তালাবদ্ধ করে রেখেছেন। এ অবস্থায় জমির সাফকবলা দলিল সম্পাদন, দোকানঘর দখলমুক্ত করা এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। পাশাপাশি নিজেদের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান খান বাবুল বলেন, কমিটির বৈঠকে দুই পক্ষই নিজেদের দাবি তুলে ধরেছিল। রমজান জায়গাটি কিনেছেন বলে একটি কাগজ দেখিয়েছেন। অন্য পক্ষের দাবি, জমি বিক্রি করা হয়নি, ভাড়া দেওয়া হয়েছিল। বাজার কমিটি বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি। পরে দুই পক্ষ থানায় গেলে ওসি তাঁদের ডেকেছিলেন। তিনি বলেন, ‘ওসির কাছে আমরা বলেছি, বিক্রি হয়েছে কি না, তা আমরা জানি না।’ পরে বিষয়টি আদালতে গড়িয়েছে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই চূড়ান্ত।
অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী খান লিটন বলেন, দোকানঘরটি ভাড়ায় দেওয়া হয়েছিল। ভাড়াটিয়া কয়েক মাস ভাড়া দেননি। বাজার কমিটির বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তাঁর ভাষ্য, রমজানের দেখানো কাগজের কোনো মূল্য নেই বলে অভিজ্ঞ ব্যক্তিরা মত দিয়েছেন। পরে বাজারের সবার সিদ্ধান্তে ভাড়াটিয়াকে তাঁর ওষুধ ও মালামাল সরিয়ে নিতে বলা হয়েছিল। এটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বাজারের সবার সম্মিলিত সিদ্ধান্ত ছিল বলে দাবি করেন তিনি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় দুই পক্ষকে ডেকে দোকান খোলা রেখে নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করতে বলেছিলেন। প্রয়োজনে আদালতের আশ্রয় নেওয়ার পরামর্শও দিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে কী ঘটেছে, তা তার জানা নেই।







