বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

বারসিকের বন্যা সহনশীল কৃষি অভিযোজন নিয়ে প্রশিক্ষণ


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ রাত

নেত্রকোনার মদন উপজেলায় পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং কৃষিকে দুর্যোগ সহনশীল করতে কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার গোবিন্দশ্রী গ্রামের খালাসিপাড়া এসডিএফ অফিসের হলরুমে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের (BARCIK) আয়োজনে এবং অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে গোবিন্দশ্রী গ্রামের আটটি পাড়ার ২৫ জন যুব নারী ও পুরুষ কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
 
প্রশিক্ষণে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার কারণে হাওরাঞ্চলের কৃষি, খাদ্য নিরাপত্তা এবং কৃষকের জীবন-জীবিকার ওপর সৃষ্ট ঝুঁকি ও ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগাম প্রস্তুতি, বন্যা সহনশীল ও স্বল্পমেয়াদি ফসলের জাত নির্বাচন, ফসলের বৈচিত্র্য সংরক্ষণ, বসতভিটায় সবজি চাষ এবং স্থানীয় বীজ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
 
প্রশিক্ষণে স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও ঐতিহ্যগত জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী সমন্বয়কারী শংকর ম্রং।
 
তিনি বলেন, পাহাড়ি ঢল ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় কৃষকদের নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় পরিবেশ ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ফসল নির্বাচন, স্থানীয় বীজ সংরক্ষণ এবং কৃষিতে বৈচিত্র্য বজায় রাখার মাধ্যমে কৃষিকে আরও সহনশীল করা সম্ভব।
 
সভায় কৃষক-কৃষাণীরা তাঁদের এলাকার কৃষি সমস্যা, পাহাড়ি ঢলে ফসলের ক্ষয়ক্ষতি এবং বন্যার সময় খাদ্য ও কৃষি উপকরণ সংকটের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা স্থানীয় বীজ সংরক্ষণ, কৃষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিতভাবে কৃষি অভিযোজনমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
 
এ সময় যুব নারী ও পুরুষ কৃষকদের নেতৃত্বে নিজ নিজ পাড়ায় জলবায়ু সহনশীল কৃষি চর্চা সম্প্রসারণ এবং স্থানীয় সম্পদ ও জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যৎ কৃষি অভিযোজন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুর রব। অংশগ্রহণকারীরা বলেন, হাওরাঞ্চলের কৃষকদের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত