পূর্বধলায় আরবান একাডেমিতে নাচ-গান ও আনন্দ আয়োজনে ক্লাস পার্টি
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ রাত

পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে নেত্রকোনার পূর্বধলায় আরবান একাডেমিতে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা সদরে অবস্থিত বিদ্যালয়টির আরবান মুক্তমঞ্চে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বর্ণিল সাজে নেচে, গেয়ে ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। পাশাপাশি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে কেক কেটে ক্লাস পার্টি উদযাপন করে তারা।
বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান রাসেল।

বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে পাঠদান ও শিক্ষা কার্যক্রম আনন্দদায়ক করে তুলতে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে প্রফুল্ল রাখাও জরুরি। এ ক্ষেত্রে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বধলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নুরুনাহার খানম লিপি, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, আরবান একাডেমির কো-অর্ডিনেটর আবুল আরশাদ প্রমুখ।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কাদির পাঠান (খোকন)।
বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মো. ফিরোজ মিয়া বলেন, পাঠদানকে আনন্দদায়ক ও শিক্ষার্থীবান্ধব করতে আরবান একাডেমিতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত সহশিক্ষামূলক কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।







