পূর্বধলায় ৫৪টি পূজামণ্ডপ ঘুরে দেখলেন এমপি মানসুরা আলম
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ বিকাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন দিনে ৫৪টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।
পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আয়োজকদের প্রস্তুতির খোঁজখবর নিতে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।
দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করার লক্ষ্যে তিনি পূজামণ্ডপের আয়োজক, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন করা উল্লেখযোগ্য পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে পূর্বধলা সদর ইউনিয়নের সার্বজনীন পূজা মন্দির, রাজপাড়া (মঙ্গলবাড়িয়া), পাটবাজার, কালীবাড়ি, নারায়ণডহর বাজার, ত্রিমোহনী দুর্গা মন্দির ও তারাকান্দা কালী মন্দির। এ ছাড়া হোগলা ইউনিয়নের সার্বজনীন সনাতনী উপাসনালয়, সাধুপাড়া ও হোগলা বাজার কালী মন্দির; জারিয়া ইউনিয়নের জারিয়া বাজার দুর্গা মন্দির, বোর্ড বাজার দুর্গা মন্দির ও বাড়হা কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন তিনি।
অন্যদিকে গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর মন্দির, শ্যামগঞ্জ, জালশুকা কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয় ও মাঝিপাড়া রাজাগোবিন্দ মন্দির; নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুর দুর্গা মন্দির; খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি বাজার দুর্গা মন্দির; ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকান্দা দুর্গা মন্দির ও জামধলা বাজার দুর্গা মন্দির এবং ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া বাজার মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে পূজার পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়েও গুরুত্বারোপ করেন।
মানসুরা আলম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্ণ, ধর্ম, মত কিংবা পরিচয়ের ভিত্তিতে বিভাজন নয়; বরং সবকিছুর ঊর্ধ্বে উঠে সবার আগে বাংলাদেশ-এই চেতনা ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার, আইনের শাসন, মানবিক মর্যাদা ও সাম্যের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান নিশ্চিত করা জরুরি। জনগণের অংশগ্রহণ, জবাবদিহি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদ সদস্যের এ পরিদর্শন কার্যক্রমের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।







