অগ্রণী ডিস্ট্রিবিউশনের সৌজন্যে গাড়ি পেল শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০১:২৩ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন একটি গাড়ি হস্তান্তর করা হয়েছে। অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সৌজন্যে গাড়িটি দেওয়া হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবার কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, নতুন গাড়ি যুক্ত হওয়ায় শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র ও পূর্বধলা থানার জরুরি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে রাতে টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং দূরবর্তী এলাকায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
জননিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ এবং স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মতিউর রহমান, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. সেন্টু মিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।







