বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম

জারিয়ার পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী হানিফ উদ্দিন রানা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ দুপুর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৪ নম্বর জারিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হানিফ উদ্দিন রানা।

মঙ্গলবার (২০ অক্টোবর) পূজামণ্ডপগুলো পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক নিরাপত্তা, পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন এবং মন্দিরগুলোতে উৎসব উদ্‌যাপনের জন্য ব্যক্তিগত অনুদান প্রদান করেন।

পরিদর্শনকালে হানিফ উদ্দিন রানা পূজার আয়োজক, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দলীয় নেতাকর্মীদের নিয়ে পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়ে তিনি বলেন, "বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জারিয়া ইউনিয়নের চারটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এই টিমের মাধ্যমে মণ্ডপগুলোর সার্বক্ষণিক খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে।"

তিনি আরও বলেন, "আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্ব এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদারের দিকনির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই প্রতিটি পূজামণ্ডপে সক্রিয় ভূমিকা রাখছেন। পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করেছি।"

'ধর্ম যার যার, রাষ্ট্র সবার'-এই নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হানিফ উদ্দিন রানা বলেন, "ধর্মের বিভাজন নয়, হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই। পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে জারিয়া ইউনিয়নের সকল সম্প্রদায়ের মানুষ যুগের পর যুগ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইউনিয়নের প্রতিটি মন্দিরে পূজা উদ্‌যাপন ও সংস্কারকাজে সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।"

সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের মাঝে শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সার্বিক সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত