পূর্বধলায় ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কম্বল জব্দ, পিকআপ ফেলে পালাল চালক
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৪:৪৯ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০টি ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ সময় কম্বল বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৯ নম্বর খলিশাউড়া ইউনিয়নের ইছুলিয়া বাজারের সড়কে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬টি বস্তায় রাখা ১৬০টি ভারতীয় সিঙ্গেল কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক গাড়ি ও কম্বল ফেলে পালিয়ে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।







