সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক, পিকআপ জব্দ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৮ জুন ২০২৬, ০৩:৩৪ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় বিদ্যুতের খুঁটি থেকে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির সময় মো. কাউসার (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর গ্রামে এ ঘটনা ঘটে।

আটক কাউসার ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার চরখরিচা গ্রামের আলিফলামের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার ভোরে কোনাডহর গ্রামের আছির উদ্দিনের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার খুলে একটি পিকআপে তোলার চেষ্টা করছিল একটি চোরচক্র। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে কাউসারকে হাতেনাতে আটক করেন। তবে তার সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটক কাউসারকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পালিয়ে যাওয়া অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত