পূর্বধলায় ছাগল চুরির মামলায় চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০২:৩১ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় তিনটি ছাগল চুরির ঘটনায় দায়ের করা মামলায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি ছাগল উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ জুন) রাতে নেত্রকোণা সদর উপজেলার ছেঙ্গারমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোণা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের রাজন মিয়া (৩০), পশ্চিম উলুহাটি গ্রামের সুজন মিয়া (৩৫) এবং মঈনপুর গ্রামের রবিন মিয়া (২১)।
পুলিশ জানায়, গতকাল রবিবার সকালে পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন বাড়ির সামনে সড়কের পাশে ঘাস খাওয়ানোর জন্য তার পালিত তিনটি ছাগল খুঁটিতে বেঁধে রাখেন। প্রায় তিন ঘণ্টা পর সেখানে গিয়ে ছাগলগুলো দেখতে না পেয়ে তিনি আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে ওই দিনই থানায় মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা সদর উপজেলার ছেঙ্গারমোড় এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া তিনটি ছাগল উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ছাগল চুরির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







