বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ব্র্যাকের উদ্যোগে ৩০ কিশোরীর হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ জুন ২০২৬, ০৮:৩৩ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) পূর্বধলা ব্র্যাক এরিয়া অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, পূর্বধলার সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কিশোরী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাছান। তিনি অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস-মুরগি পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধে সময়োপযোগী টিকাদানের গুরুত্ব, খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জন কিশোরীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক পূর্বধলার এলাকা ব্যবস্থাপক সাদেকুর রহমান এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কিশোরীরা পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি পালন করে নিজেদের আয় বৃদ্ধির পাশাপাশি পরিবারে পুষ্টি চাহিদা পূরণেও অবদান রাখতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত