বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

নেত্রকোনার নুরানি শিক্ষার পথিকৃৎ ও বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশারের ইন্তেকাল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ জুন ২০২৬, ০৬:৩১ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামতলা নিবাসী ও বিশকাকুনী ইউনিয়নের শরীফপুর কলংকা গ্রামের বিশিষ্ট আলেমে-দ্বীন আলহাজ্ব হযরত ক্বারী মাওলানা আবুল বাশার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টায় উপজেলার জামতলা এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে, অসংখ্য ছাত্র, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি দুই দফা স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত দুই দিনে আবারও স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম ক্বারী মাওলানা আবুল বাশার চট্টগ্রাম থেকে নুরানি ও নাদিয়া ট্রেনিং সম্পন্ন করেন। পরে তাঁর পিতা আব্দুল জব্বার প্রতিষ্ঠিত জামিয়া দারুস সুন্নাহ শরীফপুর কলংকা মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তিনি দীনি শিক্ষার সেবায় আত্মনিয়োগ করেন। তিনি পূর্বধলা ইসলামিয়া বড় মসজিদ মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। সর্বশেষ পূর্বধলা সরকারি কলেজ জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দীর্ঘ সময় ইমাম, খতিব ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

ধর্মীয় অঙ্গনে তাঁর অবদান ছিল স্মরণীয়। নেত্রকোনা জেলায় নুরানি কোরআন শিক্ষার অন্যতম প্রবর্তক হিসেবে তাঁকে বিবেচনা করা হয়। দীর্ঘ প্রায় ৪০ বছরের শিক্ষকতা জীবনে এই আলেমে-দ্বীন অগণিত ছাত্র-ছাত্রীকে দীনি শিক্ষা প্রদান করেছেন। তাঁর হাতে গড়ে ওঠা বহু শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ইমাম, খতিব ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।"

মরহুমের জানাজার নামাজ আজ বুধবার রাত সাড়ে ৯টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর নিজ গ্রাম শরীফপুর কলংকার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

তাঁর মৃত্যুতে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, সদস্য সচিব শহিদুল্লাহ ইমরান, সাবেক আহ্বায়ক বাবুল আলম তালুকদার, আজকের আরবান  প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাছুমসহ ধর্মপ্রাণ মুসল্লি, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত