বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

ঢাকায় বিপন্ন প্রায় ৪২ বন্যপ্রাণী সহ শেরপুরের যুবক আটক 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ জুন ২০২৬, ১২:২৭ দুপুর

রাজধানী ঢাকায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বিশেষ অভিযানে ৯ জুন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার এক যুবককে আটক করা হয়েছে। এ সময় বিপন্ন প্রায় বিরল প্রজাতির মোট ৪২টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগারগাঁওয়ে পরিচালিত অভিযানে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচারের অভিযোগে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এলাকার মো. সাজুদ্দিন (২৪) কে আটক করা হয়।

উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলোর মধ্যে রয়েছে ৩টি ধনেশ, ৩টি চশমা পরা হনুমান, ১৩টি পাহাড়ি হলুদ কচ্ছপ, ১২টি টিয়া পাখি, ১টি ময়না, ৩টি লজ্জাবতী বানর, ১টি ঈগল পেঁচা, ৩টি এশিয়ান পাম সিভেট এবং ৩টি সজারু।

বন অধিদপ্তর জানায়, উদ্ধারকৃত প্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদপ্তরের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সেগুলোকে তাদের উপযোগী প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত বা স্থানান্তর করা হবে।

প্রাথমিক তদন্তে বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে মোহাম্মদ হাদিস রহমান (৪০) নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তিনি এর আগে কক্সবাজারের চকরিয়া এলাকায় বন বিভাগের অভিযানে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন।

একই সাথে দেশে বন্যপ্রাণী পাচার চক্র বিভিন্ন পাহাড়ি ও বনাঞ্চল থেকে বিরল প্রজাতি এসব বন্যপ্রাণী আটক করে বিদেশে পাচার করে আসছে। পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাণীগুলো কোন কোন এলাকা থেকে আটক করা হয়েছে সে তথ্য জেনে স্ব স্ব এলাকায় অবমুক্ত করা হবে বলে সূত্র জানায়।

বন অধিদপ্তর সকলকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ মেনে চলার আহ্বান জানিয়ে বলেছে, কোনো ব্যক্তি বা চক্র যেন বন্যপ্রাণী শিকার, সংগ্রহ, পরিবহন, ক্রয়-বিক্রয় কিংবা পাচারের সঙ্গে জড়িত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

পল্লবী থানার সার্বিক সহযোগিতায় অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

তথ্যটি wildlife crime control unit  (wccu) এর ফেইসবুক পেইজে প্রচার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত