বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ডিএনসির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৪ মে ২০২৬, ০৩:০৫ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জব্বার (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

আব্দুল জব্বার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত জহর আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

আজ বৃহস্পতিবার (১৪) দুপুরে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাত সাড়ে ৯টা থেকে প্রায় ১০টা ৪০ মিনিট পর্যন্ত ওই এলাকার একটি বাড়ি ঘিরে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে আব্দুল জব্বারের সেমিপাকা বসতঘরের একটি কক্ষ থেকে কমলা রঙের একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত