শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

দীর্ঘ অপেক্ষার পর পূর্বধলায় নতুন ইউএনও


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৭ মে ২০২৬, ১১:১৮ রাত

দীর্ঘ প্রায় দুই মাস পর নেত্রকোণার পূর্বধলা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. অলিদুজ্জামানকে পূর্বধলার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, মো. অলিদুজ্জামানের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন। কর্মজীবনে তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে নেত্রকোণার মদন উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন।

গত ১৫ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও মো. আনিসুর রহমান খানের বদলির পর পদটি শূন্য হয়ে পড়ে। এরপর সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করে আসছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ইউএনও পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হয়। ভূমি অফিসের দায়িত্বের পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বাজার তদারকি, সভা-সমাবেশ ও এসএসসি পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব সামলাতে গিয়ে অতিরিক্ত চাপের মুখে পড়তে হয় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

স্থানীয়দের আশা, নতুন ইউএনও যোগ দেওয়ার মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রমে গতি ফিরবে এবং জনসেবামূলক কাজ আরও স্বাভাবিক হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত