বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

মোহনগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক


  এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ০৬ মে ২০২৬, ০৫:৫৩ বিকাল

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাচারের উদ্দেশ্যে অপহরণের চেষ্টার ঘটনায় ইসরাত জাহান মীম (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকায়। অপহরণের চেষ্টা করা শিক্ষার্থী নাদিয়া আক্তার উপজেলার সুয়াইর গ্রামের আল আমিনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আটক ইসরাত জাহান মীম পাশ্ববর্তী আটপাড়া উপজেলার সোনকামিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন আজ বুধবার দুপুরে সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে নাদিয়া সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ইসরাত জাহান কৌশলে শিশুটির কাছে গিয়ে নিজেকে তার ‘আন্টি’ পরিচয় দেন এবং দাবি করেন, নাদিয়ার মা তাকে পাঠিয়েছেন। এ সময় তিনি নাদিয়ার পরিবারের সদস্য, স্কুল ও শিক্ষকদের নামসহ বিভিন্ন তথ্য বলে শিশুটির বিশ্বাস অর্জন করেন।

পরবর্তীতে অভিযুক্ত তরুণী নাদিয়াকে জানায়, তার মা মোহনগঞ্জ শহর থেকে মিষ্টি আলু কিনে আনতে বলেছেন। এরপর তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে শিশুটিকে মোহনগঞ্জ শহরের দিকে নিয়ে যান।

এদিকে নাদিয়ার সহপাঠীরা বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানালে পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে নাদিয়াকে অভিযুক্ত তরুণীর সঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসরাত জাহান মীমকে হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণী জানিয়েছেন, শিশুটিকে অপহরণ করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল। তিনি একটি মানব পাচার চক্রের সঙ্গে জড়িত এবং পরবর্তীতে শিশুটিকে চক্রের সদস্যদের কাছে হস্তান্তরের কথা ছিল বলেও স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন, যা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত