সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় নকলের দায়ে ভোকেশনাল শাখার ৪ পরীক্ষার্থী বহিষ্কার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৩ মে ২০২৬, ১১:১১ রাত

নেত্রকোনার পূর্বধলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চারজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৩ মে) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোকেশনাল শাখার পদার্থবিজ্ঞান পরীক্ষা চলাকালে, পরীক্ষার শেষ ১৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের নজরদারিতে তিনজন পরীক্ষার্থীর কাছ থেকে নকলের আলামত এবং একজন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন পাওয়া যায়। পরীক্ষার শেষ পর্যায়ে বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই কেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হয়। পরে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে থাকা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান তাৎক্ষণিকভাবে চার পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।

এ বিষয়ে কেন্দ্র সচিব ও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন বলেন, “ভোকেশনাল শাখার পদার্থবিজ্ঞান পরীক্ষার শেষ দিকে, অর্থাৎ শেষ ১৫ মিনিটে অনিয়ম ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বহিষ্কার করেন।”

তিনি আরও জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রতিটি কক্ষে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জাহান বলেন, “চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলার সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নকল প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে নজরদারি আরও জোরদার করা হবে এবং পরীক্ষার পরিবেশ সম্পূর্ণভাবে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত