বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

গুনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে, ফেসবুকে জানালেন রফিকুল ইসলাম মাদানী


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৬ মে ২০২৬, ০৪:৩০ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আলোচিত ইসলামি বক্তা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করেছেন।

আজ বুধবার (৬ মে) নিজের ফেসবুক প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম মাদানী তার স্ট্যাটাসে জানান, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে বেঁচে থাকার তাগিদ থেকেই তিনি জীবনের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, "আমি আমার আল্লাহকে ভয় করি... গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে-দ্বিতীয় বিয়ে।"

তিনি আরও উল্লেখ করেন, সমাজে অনেক মানুষ বিবাহিত হয়েও গোপনে হাররাম সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু তিনি সেই পথে না গিয়ে আল্লাহর দেওয়া ‘হালাল’ বিধানকে আঁকড়ে ধরতে চেয়েছেন। অন্ধকার কোনো পথে নিজেকে না খুঁজে বরং শরীয়তের কাঠামোর মধ্যে থাকতেই তাঁর এই পদক্ষেপ।

প্রথম স্ত্রীর কষ্টের কথা স্বীকার করে তিনি আবেগঘন কণ্ঠে লেখেন, "জানি, আমার এই সিদ্ধান্তে আমার প্রথম আহলিয়ার কষ্ট হয়েছে... হচ্ছে। এটা ভাবলেই আমার বুকটা ভেঙে যায়।" তিনি আরও জানান, গত আড়াই বছরের সংসারে তাঁদের মাঝে কোনো অভিযোগ ছিল না এবং একে অপরের সুখের কারণ ছিলেন। এই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য তিনি দীর্ঘদিন তাঁর প্রথম স্ত্রীকে বুঝিয়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন।

ইসলামী শরীয়তে একাধিক বিয়ের ক্ষেত্রে 'ইনসাফ' বা সমতা বজায় রাখার যে কঠোর শর্ত রয়েছে, সে বিষয়েও তিনি সচেতনতা প্রকাশ করেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাঁকে দুই পরিবারের প্রতি সমান হক আদায় করার এবং ইনসাফ কায়েম করার তাওফিক দান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত