সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩১ আগস্ট ২০২৬, ০৫:৪৬ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় বোটেরঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ খোকনের ওপর লোহার রড দিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ খান, সহকারী শিক্ষক বাসার মিয়া, রইস উদ্দিন, শামসুল হক, লিটন চন্দ্র দাস, রঞ্জন চন্দ্র শীল, বজলুল হক, নাজনীন খান ও মাইনুদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। একজন শিক্ষককে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত ও রড দিয়ে আঘাত করার অভিযোগ অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। তারা ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, হামলার ঘটনায় অভিযুক্ত আবু কাউসার (১৮) বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী। সে উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের কামাল মিয়ার ছেলে। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় তিনি অকৃতকার্য হন।

সূত্র জানায়, গত ২৮ আগস্ট পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কথা বলতে প্রধান শিক্ষকের কাছে যান আবু কাউসার। পরে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে গালাগালি করেন বলে অভিযোগ ওঠে। এ সময় উত্তেজনার একপর্যায়ে প্রধান শিক্ষক তাঁকে চড় মারেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।

পরে প্রধান শিক্ষক জরুরি কাজে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার জন্য বিদ্যালয় থেকে বের হন। সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে পূর্বধলা চৌরাস্তা এলাকায় পৌঁছালে আবু কাউসার লোহার রড দিয়ে তার ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়। এতে প্রধান শিক্ষকের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন ও প্রধান শিক্ষকের সঙ্গে থাকা বিদ্যালয়ের এক শিক্ষক আবু কাউসারকে আটক করেন। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় আবু কাউসারকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হওয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত