পূর্বধলায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৯ দুপুর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নেত্রকোনার পূর্বধলায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফয়জুননাহার লিজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক, উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল হক জুয়েল, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিক মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, এম এ মান্নান, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ ধারণের সুযোগ সৃষ্টি করতেই এ ধরনের আয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নজরুল বিষয়ক এ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের পরিবেশনায় নজরুলের কালজয়ী গান ও কবিতা আবৃত্তিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও দর্শনার্থীরা উৎসাহের সঙ্গে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত, জীবন ও দর্শন সম্পর্কে আগ্রহ সৃষ্টি করা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানো।


_medium_1788166601.jpg)
_medium_1788166349.jpg)


