সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
শিরোনাম

চুনারুঘাট সীমান্তে গুলিতে যুবক নিহত, পরিবার বলছে বিএসএফ—বিজিবির দাবি চোরাকারবারিদের গুলি


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ৩১ আগস্ট ২০২৬, ০২:৫০ দুপুর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্তে গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে গুলি করে হত্যা করেছে। তবে এ দাবি অস্বীকার করে বিজিবি বলছে, ভারতের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় চোরাকারবারিদের ছররা গুলিতে ওই যুবক নিহত হয়েছেন।
 
নিহত সোহাগ মিয়া সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে বলে জানা গেছে।
নিহতের চাচা আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো রোববার সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে যান। এ সময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তার ওপর গুলি চালায় বলে পরিবারের দাবি।
 
একপর্যায়ে সোহাগকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন সীমান্ত এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখে চাচা আব্দুল কাদিরসহ কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।
 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, নিহত সোহাগ মিয়া ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় চোরাকারবারিদের ছোড়া ছররা গুলিতে তিনি নিহত হয়েছেন।
 
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিহত যুবকের পরিবারের অন্যান্য সদস্যরা এলাকায় চিহ্নিত ও দাগী চোরাকারবারি। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে।
 
ঘটনাটি নিয়ে নিহতের পরিবার ও বিজিবির বক্তব্যে ভিন্নতা থাকায় প্রকৃত ঘটনা ও গুলির উৎস নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। ময়নাতদন্ত ও তদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত