পূর্বধলায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৮:০০ রাত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা সদরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম।

বক্তব্যে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের কল্যাণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান।
তিনি বক্তব্য বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ প্রমুখ।
এসময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এর আগে শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।







