পূর্বধলায় পিতার নির্যাতনের শিকার কিশোরীর পাশে দাঁড়াল পুলিশ ও এলাকাবাসী
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ মে ২০২৬, ১১:৫১ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পাষণ্ড পিতার ধর্ষণের শিকার ১৫ বছর বয়সী সেই কিশোরী ও তার পরিবারের সামাজিক নিরাপত্তা এবং মানসিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ।
আজ রোববার (১৭ মে) উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এলাকায় স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা করেছে পূর্বধলা থানা-পুলিশ।
আজকের এই সভায় ভুক্তভোগী পরিবারটি যেন কোনো ধরনের সামাজিক হেনস্তা বা অবহেলার শিকার না হয়, সে বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করা হয় এবং সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী কিশোরীর পরিবারের হাতে কিছু খাদ্যসামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশকাকুনী ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম আল-আমীনসহ অন্যান্য জনপ্রতিনিধিরা কিশোরীর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন এবং ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভুক্তভোগী মেয়েটির নিরাপত্তা ও পরিবারটির সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।” পুলিশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাবা শফিকুল ইসলাম (৪৫) কর্তৃক দীর্ঘদিন ধর্ষণের শিকার হয়ে ওই কিশোরীটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত বাবা আত্মগোপন করেন। পরবর্তীতে ভুক্তভোগী কিশোরী নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে গত বুধবার (১৩ মে) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার ঘরুয়াকান্দা এলাকা থেকে পাষণ্ড পিতা শফিকুলকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা-পুলিশ।







