সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে বিএসএফের কাছ থেকে ফেরত ১০ বাংলাদেশির অনুপ্রবেশের অভিযোগে মামলা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১৭ মে ২০২৬, ০৯:৩২ রাত

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে ১০ বাংলাদেশি নাগরিককে ফেরত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের পর শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (১৬ মে) ভোর আনুমানিক ছয়টায় নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও আইসিপি এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে বিএসএফের ২২ ব্যাটালিয়নের কিল্লাপাড়া ক্যাম্প কর্তৃপক্ষ আটক ১০ বাংলাদেশিকে বিজিবির ৩৯ বিজিবি, হাতিপাগার কোম্পানির কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন— মোঃ সোবান আলী (২৩), মোঃ আব্দুল মারুফ রহমান (২০), মোঃ আজিজুল ইসলাম (২১), মোঃ আব্দুল আলিম (২৭), মোঃ আলামিন (২৩), শ্রী মধু মুরারী (৩৪), মোঃ আনিকুল ইসলাম (২৫), মোঃ তাজেল আলী (২৫), মোঃ মেসবাহুল (২১) ও মোঃ আব্দুল হাকিম (৪৯)। তাঁদের সবার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে অজ্ঞাত দালালের মাধ্যমে কাজের উদ্দেশ্যে তাঁরা অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। বৈধ কাগজপত্র না থাকায় ভারতের কিল্লাপাড়া গ্রাম এলাকা থেকে বিএসএফ তাঁদের আটক করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের মাধ্যমে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিজিবি জানিয়েছে, বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া বিদেশে প্রবেশ করে তাঁরা বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩-এর ১১(১)(গ) ধারার আওতায় অপরাধ করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

এবিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, বিজিবি মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত