শ্রীবরদী সীমান্তে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
আরবান ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০২:২০ দুপুর

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ ইমরান হোসেন মিল্লাত (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ।
সে শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের মো: লাল মিয়ার ছেলে।
সোমবার (৪ মে) দুপুরে তাকে মাদক মামলায় শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রীবরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের মো: লাল মিয়ার ছেলে ইমরান হোসেন মিল্লাত দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন যায়গায় মাদক ব্যবসা করে আসছেন। সে শেরপুরের সীমান্তবর্তী এলাকার চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী।
গত ৩ মে রবিবার রাত ৯ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোরশেদ আলম অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে শ্রীবরদীর কর্ণঝোড়া পশ্চিম বাজারে অবস্থিত তার পিতা লাল মিয়ার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর হতে ১৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইমরান হোসেন মিল্লাতকে ১৫ পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোনো আপোষ নাই, কাজেই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।







