রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

চোরাকারবারিদের ধাওয়া, হবিগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ মাদক আটক


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ দুপুর

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাকারবারিদের ধাওয়া করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করা হয়।
 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার জয়নগর এলাকায় এ অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯২/২২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। এ সময় ভারতের দিক থেকে ১৪-১৫ জন ব্যক্তি ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।
 
বিজিবির টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা ব্যাগগুলো ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে পলিথিন ও কাগজ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা এবং ২৭০ বোতল ইস্কফ উদ্ধার করা হয়।
 
বিজিবি জানায়, উদ্ধার করা মালিকবিহীন ভারতীয় মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে ধ্বংসের জন্য মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত