গাইবান্ধার সাঘাটায় শিশু ধর্ষণের অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ রাত

গাইবান্ধার সাঘাটায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ই সেপ্টেম্বর) সাঘাটা ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে সাঘাটা পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি সাঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঘাটা থানা ফটকে গিয়ে সংক্ষিপ্ত অবস্থান নেয়।পরে মিছিলটি পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাহেলা বেগম,সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম,ভূমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিক ও নির্যাতিত শিশুটির বাবাসহ স্থানীয়রা।
কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন বেসরকারি সংস্থা নিজেরা করি'র সাঘাটা শাখার সংগঠক জিল্লুর রহমান, রোকেয়া বেগম, সুব্রত কুমার, অবিনাশ চন্দ্র রায়, অষ্টমী রাণী, শ্যামলী দাস, রূপর্ণা মন্ডল ও শিবনাথ কুমার সরকার।
উল্লেখ্য,গত ৮ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার হাসিলকান্দি গ্রামে খাবারের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে






