পূর্বধলায় দ্বিতীয়বারের মতো গণিত অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ বিকাল

সেরা মেধাবীদের খুঁজে বের করার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘পূর্বধলা গণিত অলিম্পিয়াড-২০২৬’-এর নিবন্ধন কার্যক্রম। পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নিবন্ধন ফরম বিতরণের মাধ্যমে অলিম্পিয়াডের নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিবন্ধন ফরম বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, সদস্য রফিকুল ইসলাম ও রতন কুমার দত্ত, হোগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হীরা মিয়া, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম উদ্দিন।
আয়োজকরা জানান, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। পূর্বধলা উপজেলার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ পাবে। আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে নির্ধারিত নিবন্ধন ফরম সংগ্রহ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
নিবন্ধন ও অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত জানতে ০১৭১৩-৯৩২৭৯০, ০১৭১৮-৭৮৬৮৮৭, ০১৯১৮-৭৪৩৮০১ ও ০১৮১১-৩৩১৮১০ নম্বরে যোগাযোগ করা যাবে।
এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আজকের আরবান, পূর্বধলা হেল্পলাইন ও পূর্বধলার দর্পণ।
উল্লেখ্য, এর সেরা মেধাবীদের খুঁজে বের করার লক্ষ্যে ২০২৪ সালের ২১ ডিসেম্বর পূর্বধলায় প্রথমবারের মতো ‘গণিত অলিম্পিয়াড-২০২৪’ অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় উপজেলার ৪১টি স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮১০ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রতি শ্রেণি থেকে ২৫ জন করে মোট ১২৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। পরে নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
পূর্বধলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতন জানান, “শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করে গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি করার লক্ষ্যে এবং প্রথম আয়োজনের ব্যাপক সাড়া ও শিক্ষার্থীদের আগ্রহের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো ‘পূর্বধলা গণিত অলিম্পিয়াড-২০২৬’ এর আয়োজন করা হচ্ছে।







